হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি হাতিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা। বক্তারা আরও দাবি করেন, হাতিয়ার সাধারণ মানুষ এবার ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে এবং এই মিছিল তারই প্রমাণ।
মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
এদিকে মিছিল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
— হাতিয়ার কথা | অনলাইন
হাতিয়ার কথা