হাতিয়ার কথা ডেস্ক : নোয়াখালীর হাতিয়ায় হত্যা মামলার এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ সময় পুলিশের হাত থেকে হাতকড়াও নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রামচরণ বাজারে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুখচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালালেও ওই আসামিকে গ্রেপ্তার করা যায়নি।
পালিয়ে যাওয়া আসামির নাম নিজাম উদ্দিন (৫৫)। তিনি সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের মৃত ছায়েদল হকের ছেলে। তিনি ২০২৫ সালে হাতিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার তিন নম্বর আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে থানায় আরও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) বারির নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করতে রামচরণ বাজারে যান। বাজারের এনসিপি কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে নিয়ে আসার সময় তার স্বজনরা পুলিশের পথরোধ করেন। একপর্যায়ে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পরপরই হাতিয়া থানা পুলিশের একাধিক দল রামচরণ বাজারে পৌঁছায়। পরে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে সুখচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য। তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক রামচরণ বাজারের এক ব্যবসায়ী জানান, ঘটনার কিছু সময় পর নিজাম উদ্দিনের স্বজনরা পুলিশের হাতকড়াটি ফিরিয়ে দেন। তবে রাতে পুলিশ বাজারের লোকজনকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় বাজার এলাকায় একধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “পুলিশ তাকে গ্রেপ্তারের পরপরই উৎসুক জনতা ভিড় করে। এই সুযোগে সে পালিয়ে যায়। তবে তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
হাতিয়ার কথা