হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মূসা। তিনি বলেন, কেউ যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে—সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকতে হবে।
সোমবার (তারিখ) সকালে নোয়াখালীর হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মূসা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যেন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়—সে লক্ষ্যেই নৌবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের সুরক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এবং হাতিয়ায় দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সহকারী নৌপ্রধান হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দ্বীপ কলেজ মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য দিয়ে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে নৌবাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এবং জনগণের সহযোগিতায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।
হাতিয়ার কথা