স্বজনদের কাছে ফিরেছে হাতিয়ার শিশু তোসিফ, শেষ হলো অপেক্ষা
অবশেষে শেষ হলো দীর্ঘ অপেক্ষা। নোয়াখালীর হাতিয়ার ৬ বছর বয়সী শিশু তোসিফকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে তোসিফ নিজের নাম, বাবার নাম শরীফ, মায়ের নাম লাইজু এবং বাড়ি হাতিয়ায় বলে জানাতে পারলেও পরিবারের সুনির্দিষ্ট ঠিকানা বা কীভাবে ঢাকার খিলক্ষেতে এসেছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। পরিবারের সন্ধান না পাওয়ায় তাকে সাময়িকভাবে মিরপুরের সরকারি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছিল।
খিলক্ষেত থানা পুলিশ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের মাধ্যমে শিশুটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তোসিফকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই ঘটনায় মানবিক সহায়তা ও সচেতনতার একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে। যারা সংবাদটি শেয়ার করেছেন, তথ্য দিয়ে সহযোগিতা করেছেন এবং শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে ভূমিকা রেখেছেন—সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অবশেষে অচেনা আশ্রয় ছেড়ে আপন ঠিকানায়, মা-বাবার কোলে ফিরেছে ছোট্ট তোসিফ।
হাতিয়ার কথা