স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভোটকেন্দ্র ভবন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছেন স্থানীয় ভোটার ও এলাকাবাসী। একই সঙ্গে ইউনিয়নের বিদ্যমান ৮টি ভোটকেন্দ্র বহাল রাখার দাবিও জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৫ নম্বর ওয়ার্ডের নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সম্প্রতি রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক সংশ্লিষ্ট সাইক্লোন শেল্টারটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় ভোটারদের দাবি, ঝুঁকিপূর্ণ ৫ নম্বর ভোটকেন্দ্রটি দ্রুত পরিবর্তন করে নিরাপদ ও ভোটারবান্ধব স্থান চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হোক। পাশাপাশি মোহাম্মদপুর ইউনিয়নের অন্যান্য ৮টি ভোটকেন্দ্রও বহাল রাখা হোক।
বক্তারা বলেন, ভোটকেন্দ্র পরিবর্তন বা পুনর্বিন্যাসের ক্ষেত্রে ভোটারদের সুবিধা, নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা বিবেচনায় নেওয়া জরুরি। কোনো ধরনের বিভ্রান্তি বা পক্ষপাতের সুযোগ না রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থানীয় বাস্তবতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে কয়েকজন ভোটার অভিযোগ করেন, সুবর্ণচর উপজেলা নির্বাচন কর্মকর্তা এমকে আহাম্মেদ একটি মহলের প্রভাবে যাচাই-বাছাই ছাড়াই ভোটকেন্দ্র পরিবর্তনের পরিকল্পনা করছেন। এর প্রতিবাদে তারা মানববন্ধনের পাশাপাশি জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।
তবে অভিযোগ অস্বীকার করে সুবর্ণচর উপজেলা নির্বাচন কর্মকর্তা এমকে আহাম্মেদ বলেন, অভিযোগটি সঠিক নয়। ৫ নম্বর ভোটকেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে কেন্দ্র রাখা হবে না। তবে এর পাশে একটি কেন্দ্র এবং চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ে একটি কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে।
এ সময় স্থানীয় ভোটার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
হাতিয়ার কথা