হাতিয়া উপজেলার প্রধান সড়কগুলোতে অবস্থিত পুরোনো কালভার্ট ও ব্রিজগুলো বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কালভার্ট ও সেতুর নির্মাণ মেয়াদ অনেক আগেই শেষ হলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি।
সম্প্রতি ফেরি চলাচল চালু হওয়ার পর থেকে প্রতিদিন ভারী যানবাহন, কভার্ড ভ্যান ও কয়েক টন ওজনবাহী ট্রাক চলাচল বৃদ্ধি পেয়েছে। এতে দুর্বল সড়ক ও পুরোনো অবকাঠামোর ওপর চাপ বেড়ে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
এরই মধ্যে ওছখালী বাজারের মেইন মোড়ে একটি কালভার্ট ভেঙে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, এ ঘটনাকে সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
বিশেষ করে সুবর্ণচর থেকে হাতিয়ায় প্রবেশপথের দীর্ঘ ব্রিজটি বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটির পিলারে ইতোমধ্যে ফাটল দেখা দেওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে প্রকৌশলগত পরীক্ষা ও সংস্কার কাজ শুরু না হলে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিবেদন: আজমাউল হোসাইন জীবন
হাতিয়ার কথা