হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা:
নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯ হাজার ৫০০ লিটার অপরিশোধিত পামওয়েল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পামওয়েলের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার নলচিরা ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পামওয়েল জব্দ করা হয়। বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল নলচিরা ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে বহন করা শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯ হাজার ৫০০ লিটার অপরিশোধিত পামওয়েল ও চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা পামওয়েল ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
হাতিয়ার কথা