ইসমাইল হোসেন কিরন
নোয়াখালীর হাতিয়ায় দুই বছর বয়সী এক শিশুর খাদ্যনালীতে আটকে থাকা পাঁচ টাকার কয়েন বিশেষ কৌশলে বের করে প্রশংসা কুড়িয়েছেন উপ-সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য্য। শুক্রবার রাতে উপজেলা সদর ওছখালীতে এ ঘটনা ঘটে। শিশুটির মা মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
শিশুটির নাম ফায়জা। সে হাতিয়ার চরকিং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিমা আক্তার ও ফজলুর রহমান দম্পতির মেয়ে।
শিশুটির মা সিমা আক্তার জানান, বাড়িতে খেলতে গিয়ে ফায়জা একটি কয়েনগিলে ফেলে। এরপর থেকেই সে বমি করতে থাকে। একপর্যায়ে বমির সঙ্গে রক্তও বের হয়। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে।
তিনি জানান, হাসপাতালের চিকিৎসকদের কাছে গেলে শিশুটির অবস্থা জটিল হওয়ায় এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় তাকে দ্রুত নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু রাতের বেলায় নদী পার হয়ে জেলা সদরে যাওয়া সম্ভব ছিল না। এ অবস্থায় স্থানীয়দের পরামর্শে উপ-সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য্যের কাছে মেয়েকে নিয়ে যান তিনি।
পরে উপজেলা সদরের একটি ফার্মেসির পেছনে অবস্থিত তাঁর চেম্বারে শিশুটিকে নেওয়া হয়। সেখানে সবার সম্মতিতে একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে শিশুটির খাদ্যনালীতে আটকে থাকা পাঁচ টাকার পয়সাটি বের করেন বিমান চন্দ্র আচার্য। মেয়েকে সুস্থ দেখে কান্নায় ভেঙে পড়েন মা সিমা আক্তার। এ সময় ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড় জমে যায়।
বিমান চন্দ্র আচার্য্য জানান, এ কাজে তিনি রাবারের একটি বিশেষ পাইপ ব্যবহার করেছেন। পাইপটির মাথা বেলুনের মতো। সেটি শিশুর গলায় প্রবেশ করিয়ে পানি দেওয়া হয়। একপর্যায়ে পাইপের মাথা ফুলে উঠলে টান দিয়ে পয়সাটি বের করে আনা হয়। এর আগেও এভাবে কয়েকজনের গলায় আটকে থাকা পয়সা বের করেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইউছুফ সোহাগ বলেন, শিশুটির মা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এক্স-রে প্রতিবেদনে কয়েনটি খাদ্যনালীতে আটকে থাকার বিষয়টি দেখা যায়। এটি বের করার জন্য নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞের প্রয়োজন হওয়ায় শিশুটিকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে তিনি শুনেছেন, বিমান চন্দ্র আচার্য্য পয়সাটি বের করেছেন। তাঁর এ কাজ প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান চন্দ্র আচার্য্যের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন অনেকে।
হাতিয়ার কথা