হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে নোয়াখালীর হাতিয়ার সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। বিশেষ অতিথি ছিলেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. এস. এম. মোজাহিদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু শাহাদাত মো. মোকাররম বিল্যাহ।
সভায় বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের সঠিকভাবে পরিচালনা এবং বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি তাদের চলাফেরা, বন্ধুত্ব ও আচরণের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা ও স্বাভাবিক বিকাশের পথে বাধা সৃষ্টি করে। অন্যদিকে মাদক একজন তরুণের ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধের জন্ম দেয়। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগেও সবাইকে সহযোগিতা করতে হবে।
সমাবেশে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বক্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা বলেন, একটি নিরাপদ, মাদকমুক্ত ও বাল্যবিবাহহীন সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
হাতিয়ার কথা