স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর হাতিয়ায় অনিয়ম, শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় মামুন অর রশিদ নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া শিক্ষক উপজেলার ম্যাকপার্শ্বন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আদেশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, প্রধান শিক্ষক ও সহকর্মীদের সঙ্গে অসদাচরণ, শিক্ষক হাজিরা খাতা ছিঁড়ে ফেলা, সহকর্মীদের হুমকি দেওয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে শিক্ষকদের ফোন করাসহ বিভিন্ন অভিযোগ ওঠে।
এ ছাড়া নৈতিকতাবিরোধী আচরণ ও নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তদন্তে আসে। অভিযোগগুলোর বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তদন্ত পরিচালনা করা হয়।
তদন্তের অংশ হিসেবে গত ১৬ জুন ও ২৪ জুন সরেজমিনে তদন্ত করা হয়। পরবর্তীতে অভিযুক্ত শিক্ষককে ব্যক্তিগত শুনানিতে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলেও তিনি নির্ধারিত শুনানিতে উপস্থিত হননি বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
তদন্ত শেষে অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। গত ১৮ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।
হাতিয়ার কথা