অব্যাহত নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালীর হাতিয়ার নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামের নদীতীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের নয়টি গ্রামের প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত জাতীয় নির্বাচনের আগে এক রাজনৈতিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান হাতিয়ার নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। তাঁরা আশা করেন, প্রধানমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।
বক্তারা আরও বলেন, হাতিয়ার উত্তরাঞ্চলের নলচিরা ইউনিয়নের কয়েকটি গ্রাম এখন ভয়াবহ নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। অব্যাহত ভাঙনে মানুষের ঘরবাড়ি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। আগামী বর্ষার আগে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পুরো নলচিরা ইউনিয়ন নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁরা বলেন, নদীভাঙন শুধু বসতভিটা নয়, এলাকার মানুষের জীবন-জীবিকা ও ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। তাই আর অপেক্ষা না করে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য, মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থীসহ নলচিরা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
হাতিয়ার কথা