স্টাফ রিপোর্টার, হাতিয়া
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বহুল প্রতীক্ষিত জাহাজমারা-মোক্তারিয়াঘাট সড়ক সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ৯ কিলোমিটার ৩০ মিটার দীর্ঘ সড়কটির সংস্কারকাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার আশা করা হচ্ছে।
সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের হাতিয়া উন্নয়ন সেলের দেওয়া তথ্য অনুযায়ী, সড়কটির বিভিন্ন অংশে কার্পেটিং, এইচবিবি ও আরসিসি ঢালাইয়ের কাজ চলছে। এর মধ্যে চার কিলোমিটার অংশে পিচ, বিটুমিন ও পাথর দিয়ে কার্পেটিং করা হবে। ইতোমধ্যে দেড় কিলোমিটার অংশ কার্পেটিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। শিগগিরই সেখানে মূল কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সড়কের আড়াই কিলোমিটার অংশে এইচবিবি পদ্ধতিতে ইটের রাস্তা নির্মাণের কাজ চলছে। জাহাজমারা বাজার ও সিডিএসপি বাজার এলাকায় ২০৩ মিটার আরসিসি ঢালাইয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির কারণ ছিল এ সড়কটি। একসময় সড়কটি উঁচু-নিচু ও অসংখ্য গর্তে ভরা থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। বিশেষ করে বর্ষা মৌসুমে সাধারণ মানুষের হাঁটাচলাও কঠিন হয়ে যেত। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নিঝুমদ্বীপে আসা পর্যটকদেরও দুর্ভোগ পোহাতে হতো।
হাতিয়া উন্নয়ন সেলের দাবি, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের তত্ত্বাবধানে সড়কটির সংস্কারকাজ এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি নিঝুমদ্বীপের পর্যটন যোগাযোগেও ইতিবাচক প্রভাব পড়বে।
উন্নয়নকাজের অর্থায়ন জনগণের করের টাকায় হওয়ায় কাজের মান নিশ্চিত করতে স্থানীয় সচেতন নাগরিকদেরও নজরদারি ও সহযোগিতার আহ্বান জানিয়েছে হাতিয়া উন্নয়ন সেল।
হাতিয়ার কথা