ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধ, জ্ঞান হারিয়ে হাসপাতালে ১৫ শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : ৭ সেপ্টেম্বর, ২০২৬
হাতিয়ায় শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধ, জ্ঞান হারিয়ে হাসপাতালে ১৫ শিক্ষার্থী ছবির ক্যাপশন:
ad728

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ার পর অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১৫ শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থদের কয়েকজনের এখনও জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় নিয়মিত পাঠদান শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর সপ্তম শ্রেণির চার ছাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে শ্রেণিকক্ষে পড়ে যায়। পরে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলে জ্ঞান ফিরে আসে।

এর কিছুক্ষণ পর বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিকক্ষেও ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার (১২), জামেলা বেগম (১৪), সুরাইয়া আক্তার (১৩) ও পারভিন আক্তার (১৫)-এর নাম জানা গেছে। তাদের সবার বাড়ি তমরদ্দি জোড়খালী গ্রামে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী মেডিকেল অফিসার মানসুর উদ্দিন জানান, দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে ১০ জন শিক্ষার্থীকে আনা হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের এখনও জ্ঞান ফেরেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন জানান, প্রথম দিকে যারা জ্ঞান হারিয়েছিল, তাদের বাড়িতে নেওয়ার পর জ্ঞান ফিরে আসে। কিন্তু পরে অসুস্থ হওয়া শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার পরও কয়েকজনের জ্ঞান ফেরেনি। তবে কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম নিলয় বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রোগীদের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রেণিকক্ষে কোনো ধরনের ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

এদিকে খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে স্বজন ও স্থানীয়দের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে শ্রেণিকক্ষে কী ধরনের গন্ধ ছড়িয়ে পড়েছিল এবং এর উৎস কী—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ হয়ে পড়েছে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা বিষয়টি খতিয়ে দেখছেন।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সোনাদিয়া ইউনিয়নের খালপাড় সড়ক সংস্কারের দাবি, এমপির প্রতি

সোনাদিয়া ইউনিয়নের খালপাড় সড়ক সংস্কারের দাবি, এমপির প্রতি