আবিদ উল্যাহ জাকের, ঢাকা
নোয়াখালীর হাতিয়া উপজেলার ইতিহাস, ঐতিহ্য, আঞ্চলিক ভাষা ও নদীভাঙনের বাস্তব চিত্রকে উপজীব্য করে রচিত ‘৩২ জাইল্যারআঁটখোলা’ বইটি আজ (১৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে। বইটির রচয়িতা হাতিয়ার কৃতি সন্তান, জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও গণমাধ্যমকর্মী ফয়সাল মোরশেদ।
প্রকাশের আগেই বইটি পাঠকমহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। বিশেষ করে হাতিয়া, নোয়াখালী এবং উপকূলীয় জনপদের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও ভাষা নিয়ে আগ্রহী পাঠকদের মধ্যে বইটি নিয়ে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
লেখক ফয়সাল মোরশেদ বইটিতে হাতিয়ার অতীত ও বর্তমান, দ্বীপাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, নদীভাঙনের নির্মম বাস্তবতা, আঞ্চলিক ভাষার বৈচিত্র্য এবং লোকজ ঐতিহ্যের নানা দিক তুলে ধরেছেন। একই সঙ্গে বইটিতে স্থান পেয়েছে হাতিয়ার জনজীবন, সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে সম্পৃক্ত নানা স্মৃতি ও ইতিহাস।
সাহিত্যবোদ্ধাদের মতে, ‘৩২ জাইল্যারআঁটখোলা’ শুধু একটি বই নয়; এটি হাতিয়ার ইতিহাস, ভাষা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ দলিল। নতুন প্রজন্মের কাছে দ্বীপাঞ্চলের ঐতিহ্য ও জীবনচিত্র তুলে ধরার ক্ষেত্রে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করছেন।
গণমাধ্যমে দীর্ঘদিনের সফল পথচলার পর সাহিত্যাঙ্গনে ফয়সাল মোরশেদের এই পদচারণাকে স্বাগত জানিয়েছেন পাঠক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। ‘৩২ জাইল্যারআঁটখোলা’ হাতিয়া ও নোয়াখালীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে গবেষক, শিক্ষার্থী এবং সাধারণ পাঠকের জন্য একটি মূল্যবান সংযোজন হয়ে উঠবে।
লেখকের নতুন এই বই প্রকাশ উপলক্ষে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘৩২ জাইল্যারআঁটখোলা’ কেবল একটি প্রকাশনা হিসেবেই নয়, হাতিয়ার ইতিহাস, ভাষা ও সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ ও পরিচিত করে তোলার এক অনন্য প্রয়াস হিসেবে পাঠকমহলে সমাদৃত হবে।
হাতিয়ার কথা