নিজস্ব প্রতিবেদক, হাতিয়া:
দীর্ঘদিন বন্ধ থাকার পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ধর্মপ্রাণ মানুষের স্বপ্নের ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র’ নির্মাণের কাজ আবারও পুরোদমে শুরু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের নকশা অনুযায়ী, প্রায় ১৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে হাতিয়া উপজেলার প্রাণকেন্দ্র ওছখালীতে অবস্থিত উপজেলা পরিষদ জামে মসজিদের জায়গায় এই বিশাল প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
আধুনিক স্থাপত্যশৈলীর এই মসজিদে একসঙ্গে ৯০০ থেকে ১০০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই কমপ্লেক্সে ওজু ও নামাজের জন্য নারী ও পুরুষের পৃথক স্থানের পাশাপাশি থাকবে বহুমুখী নাগরিক সুবিধা। এটি কেবল ইবাদতের স্থান হিসেবেই নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইসলামিক কেন্দ্র হিসেবে কাজ করবে। এখানে হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের জন্য প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, সমৃদ্ধ ইসলামিক লাইব্রেরি এবং প্রাক-প্রাথমিক ও কোরআন শিক্ষার বিশেষ ব্যবস্থা থাকবে।
এছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এখানে অটিজম কর্নার, দাফনের আগে মৃতদেহ গোসলের ব্যবস্থা এবং হিফজখানার সুযোগ রাখা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই মসজিদে বড় আকারের ইসলামিক কনফারেন্স রুম এবং আগতদের জন্য গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গাও নিশ্চিত করা হবে।
হাতিয়ার কথা