হাতিয়ার কথা ডেস্ক:
হাতিয়ায় রাজনৈতিক সহাবস্থান, শান্তিপূর্ণ পরিবেশ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ হাতিয়া গড়াই বিএনপির লক্ষ্য।
রোববার (১ মার্চ) বিকেলে পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুবের রহমান শামীম অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা ধর্ষণের তথ্য ও গুজব ছড়িয়ে হাতিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এর মাধ্যমে রাজনৈতিকভাবে ফায়দা লোটার পাশাপাশি হাতিয়ার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
তিনি বলেন, “গুজব ও মিথ্যা তথ্যের মাধ্যমে কাউকে রাজনৈতিকভাবে হয়রানি করা বরদাশত করা হবে না। সত্য উদঘাটন করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রসঙ্গে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত জরুরি। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ সহিংসতা ছড়িয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করতে না পারে।
আগামী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে জানিয়ে তিনি বলেন, আসন্ন ১০ মার্চ হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপির একটি বড় জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভায় দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সেখানে হাতিয়ার নদীভাঙন, অবকাঠামো সংকট ও দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হবে এবং সমাধানে করণীয় নির্ধারণ করা হবে।
পৌর বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাদাতের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
হাতিয়ার কথা