ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় জিপিএ-৫ পাওয়া তাসপিয়ার পাশে SSDF ও DCI

  • নিউজ প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর, ২০২৬
হাতিয়ায় জিপিএ-৫ পাওয়া তাসপিয়ার পাশে SSDF ও DCI ছবির ক্যাপশন: হাতিয়ায় জিপিএ-৫ পাওয়া তাসপিয়া
ad728

আবিদ উল্যাহ জাকের:

মেধাবী শিক্ষার্থী তাসপিয়া আক্তারের স্বপ্ন একজন আদর্শ শিক্ষক হওয়া। আর্থিক ও পারিবারিক নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে সে। এবার তার উচ্চশিক্ষার স্বপ্নপূরণে পাশে দাঁড়িয়েছে সেমা স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SSDF) ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ডেভেলপমেন্ট কনসার্নস ইন্টারন্যাশনাল (DCI)।

সংস্থা দুটির উদ্যোগে তাসপিয়ার জন্য দীর্ঘমেয়াদি শিক্ষাসহায়তার ব্যবস্থা করা হয়েছে। এর আওতায় তাকে প্রয়োজনীয় পাঠ্যবই, কলেজের পোশাক ও অন্যান্য শিক্ষা উপকরণ দেওয়ার পাশাপাশি নিয়মিত মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। তার শিক্ষাজীবনের অগ্রগতির সঙ্গে প্রয়োজন অনুযায়ী বৃত্তির পরিমাণ বাড়ানোরও আশ্বাস দেওয়া হয়েছে।

তাসপিয়া হাতিয়া দ্বীপের রেহানিয়া উচ্চ বিদ্যালয় থেকে সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে। এতিম এই শিক্ষার্থী বর্তমানে তার চাচার কাছে থেকে পড়াশোনা করছে। ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে সে।

তাসপিয়ার পড়াশোনা যাতে আর্থিক সংকটে থেমে না যায়, সে লক্ষ্যে রেহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র বিদ্যুৎ তার শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় সহায়তার অনুরোধ জানান। বিষয়টি SSDF-এর নজরে আনেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও এ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এন এম হাসান।

সংশ্লিষ্ট শিক্ষকদের আন্তরিকতা ও উদ্যোগে তাসপিয়ার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় SSDF। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এককালীন সহায়তার পরিবর্তে শিক্ষার্থীর ভবিষ্যৎ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সহযোগিতার ব্যবস্থা গড়ে তোলাই তাদের লক্ষ্য। DCI, USA-এর সহযোগিতায় তাসপিয়া এখন থেকে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও মাসিক শিক্ষাবৃত্তি পাবে। যতদূর পড়াশোনা করতে চায়, ততদূর তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থা দুটি। প্রয়োজনে সময়ের সঙ্গে শিক্ষাবৃত্তির পরিমাণও বাড়ানো হবে।

এদিকে, হাতিয়া দ্বীপে তাসপিয়ার মতো আরও কোনো মেধাবী, অসচ্ছল ও স্বপ্নবাজ শিক্ষার্থী থাকলে তাদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে SSDF। সংগঠনটির প্রত্যাশা, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো সম্ভাবনাময় শিক্ষার্থীর শিক্ষাজীবন ও স্বপ্ন যেন থেমে না যায়।

তাসপিয়ার এই স্বপ্নযাত্রায় SSDF ও DCI-এর সহযোগিতা দ্বীপের অন্যান্য অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর জন্যও আশার আলো হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা