হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। শুমারি কার্যক্রমে রাজনৈতিক দলের নেতাকর্মী বা দলীয় পরিচয়ে প্রভাবশালী ব্যক্তিদের নিয়োগ দেওয়া হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন হাতিয়াবাসীর একটি অংশ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ শিক্ষক হাতিয়ার কথাকে জানিয়েছে, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচির তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা বা দলীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে নিয়োগ দেওয়া হলে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন এবং পরবর্তী সময়ে কার্ড বিতরণ কার্যক্রম প্রশ্নবিদ্ধ হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
তার দাবি, শুমারির মাধ্যমে উপজেলার প্রকৃত দরিদ্র, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের তথ্য সঠিকভাবে সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তথ্য সংগ্রহকারীদের নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতা নিশ্চিত না হলে প্রকৃত সুবিধাভোগীরা বাদ পড়তে পারেন এবং যোগ্যতার বাইরে থাকা ব্যক্তিরা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হওয়া উচিত। আবেদনকারীদের যোগ্যতা যাচাই, অভিজ্ঞতা, স্থানীয় বাস্তবতা সম্পর্কে জ্ঞান এবং মাঠপর্যায়ে কাজের সক্ষমতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে তাদের রাজনৈতিক পরিচয় বা কোনো পক্ষের প্রতি আনুগত্যের অভিযোগ থাকলে তা যাচাই করারও দাবি জানিয়েছেন হাতিয়াবাসী।
তারা আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। তাই এ কর্মসূচির তথ্য সংগ্রহ থেকে শুরু করে সুবিধাভোগী নির্বাচন পর্যন্ত প্রতিটি ধাপে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের দলীয় প্রভাব, স্বজনপ্রীতি বা অনিয়মের সুযোগ থাকলে সরকারের উদ্দেশ্য ব্যাহত হতে পারে।
এদিকে, নিয়োগ নিয়ে স্থানীয় পর্যায়ে তৈরি হওয়া উদ্বেগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন করে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে।
হাতিয়ার কথা