হাতিয়ার কথা ডেস্ক: নোয়াখালীর হাতিয়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত ৮৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌরসভা ছাত্রদল।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার দ্বীপ উন্নয়ন সংস্থার ট্রেনিং সেন্টার মিলনায়তনে ‘জ্ঞানের সাথে যার দৃঢ় বন্ধন, তাকেই জানাই অভিনন্দন’ স্লোগানকে সামনে রেখে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া কলেজের অধ্যাপক শাহ মোহাম্মদ ওয়ালী উল্যাহ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুলাইমান, সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেফতাহ উদ্দিন বাকু, দ্বীপ সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গাফফার।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আইয়ুব চৌধুরী ও সদস্য সচিব আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, হাতিয়ার ৫৩টি স্কুল, মাদ্রাসা ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় মোট ২ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮৮ জন জিপিএ-৫ অর্জন করে। তাদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশের উন্নয়ন ও সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
হাতিয়ার কথা