জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতাকারীদের আর দলে ফেরার সুযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
হাতিয়ার কথা ডেস্ক :
হাতিয়ায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে। দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে সংশ্লিষ্ট নেতাকর্মীদের দল করার অধিকার থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন, তাদের আর কখনো দলে আসার সুযোগ নেই। একইভাবে স্থানীয় সরকার নির্বাচনেও বিএনপি একক প্রার্থী দেবে। দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
হাতিয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ঘোষণা দিয়েছে। হাতিয়ার ১১টি ইউনিয়নে বিএনপি যাদের মনোনয়ন দেবে, তাদের বিজয়ী করতে পারলে এলাকার উন্নয়নে কাজ করা সহজ হবে।
গত জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনের সময় প্রতিটি এলাকায় গিয়ে বলেছি, তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সবাই যদি আমার কথার মর্ম বুঝতেন, তাহলে আজ আমি হাতিয়ার সংসদ সদস্য নির্বাচিত হতাম। তখন নদীভাঙন, রাস্তাঘাটসহ হাতিয়ার বিভিন্ন সমস্যা সমাধানে জোরালোভাবে কথা বলতে পারতাম। এখন কোন মুখে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইব? তবে স্থানীয় নির্বাচনে আপনারা একই ভুল না করলে এবং ১১টি ইউনিয়নে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে পারলে হাতিয়ার উন্নয়নে তারেক রহমানের কাছে সহযোগিতা চাইতে পারব।
জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শামীম বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে ফেরার দিবাস্বপ্ন দেখছেন। আমরা ভারত সরকারকে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলেছি। এ দেশের মানুষ তার শাসনামলের গুম-খুনের হিসাব নেবে। যারা ‘আপা আসবে’ বলে গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে বলা হবে।
তিনি আরও অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। বাসে অগ্নিসংযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। বিএনপির ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বিবেচনায় নিয়ে একক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। দলের সিদ্ধান্ত মেনে সবাইকে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় হাতিয়ার ১১টি ইউনিয়নেই বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পৌর বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাসিব মঈন উদ্দিন মাহমুদ, সাব্বির উদ্দিন মাসুম, লুৎফুল্লাহিল মজিদ নিশান, আশিক ইকবাল, তানভির হায়দার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্য সচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার এবং ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সদস্য সচিব আব্দুল হালিম।
আলোচনা সভা শেষে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
হাতিয়ার কথা