
বুড়িরচর সংবাদদাতা
নোয়াখালীর হাতিয়া উপজেলার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আব্দুর রহমান। ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চান বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে আব্দুর রহমান বলেন, মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি। তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ‘বদলে যাও, বদলে দাও’ এবং ‘তরুণদের হাতে দেশ, গড়ব নতুন বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে এগিয়ে যেতে চান।
নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। ধনী-দরিদ্র, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আত্মমর্যাদা, সমঅধিকার, মৌলিক চাহিদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে চান তিনি।
এ ছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশের উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর আধুনিক জীবনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন আব্দুর রহমান। তাঁর ভাষ্য, একক প্রচেষ্টায় সমাজের পরিবর্তন সম্ভব নয়। তাই এলাকার সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চান।
তিনি বলেন, মানুষের মুখে হাসি ফোটানো এবং জীবনযাত্রার মান উন্নয়নই তাঁর প্রত্যাশা। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।