
হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষে একাদশ ও অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় হাতিয়া উপজেলা সদরের আম্বিয়া কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাতিয়া উপজেলা শিবির সভাপতি আবদুল ওহাব বাবুলের পরিচালনায় এবং দ্বীপ সরকারি কলেজ শিবিরের দায়িত্বশীল আরিফুর রহমান সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা দক্ষিণ শিবিরের সভাপতি আরাফাত হোসেন সিফাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত এবং হাতিয়া উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন হাতিয়া পৌরসভা জামায়াতের আমির মাওলানা তাওফীকুল ইসলাম, নোয়াখালী জেলা দক্ষিণ শিবিরের সম্পাদক আজগর আলী রবিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই যোদ্ধা এজিএম বাপ্পি, হাতিয়া উপজেলা দক্ষিণ শিবিরের সভাপতি আশিকুল ইসলাম, দ্বীপ সরকারি কলেজ শিবিরের সভাপতি তারেক মাহমুদসহ অন্যরা।
বক্তারা নবাগত শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষাঙ্গনে ভিন্ন মত ও পথের শিক্ষার্থীদের সঙ্গে সহাবস্থান বজায় রাখা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসরণ এবং ভবিষ্যৎ কর্মজীবনে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক জীবন গঠনের মাধ্যমে পরকালীন মুক্তি ও কল্যাণের লক্ষ্যে জীবন পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের নবাগত একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাদের হাতে উপহার হিসেবে পবিত্র কুরআন ও বিভিন্ন ইসলামী বই সম্বলিত গিফট বক্স তুলে দেওয়া হয়। অমুসলিম শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী বই সম্বলিত উপহার দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে আয়োজক সূত্রে জানা গেছে।