
নোয়াখালীর হাতিয়া উপজেলার দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের জন্য বিশেষ অনুদানের দাবিতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাতিয়ার সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
রোববার (২৬ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে হাতিয়ার বিভিন্ন সমস্যা ও মানুষের দুর্ভোগের বিষয়গুলো মন্ত্রীর কাছে তুলে ধরেন সংসদ সদস্য হান্নান মাসউদ।
এ সময় তিনি হাতিয়ার কয়েকজন অতীব অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির নামের তালিকা মন্ত্রীর কাছে জমা দিয়ে তাদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা করার অনুরোধ জানান। জবাবে মন্ত্রী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়।
এ ছাড়া হাতিয়ার অসহায় ক্যান্সার রোগীদের জন্য বিশেষ অনুদান প্রদানের বিষয়েও মন্ত্রীর কাছে অনুরোধ জানান হান্নান মাসউদ। এ বিষয়ে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন মন্ত্রী।
সাক্ষাতে হাতিয়ার ভিক্ষুকদের পুনর্বাসনের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। এ উদ্যোগের মাধ্যমে হাতিয়ার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ আশা প্রকাশ করেন, এসব বিষয়ে শিগগিরই ইতিবাচক অগ্রগতি ও সুখবর পাওয়া যাবে।