প্রিন্ট এর তারিখঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি, ২০২৬
হাতিয়ায় প্রতিবাদী মিছিলের প্রস্তুতিকালে হামলার অভিযোগ, আহত ২০

হাতিয়া (নোয়াখালী) :
হাতিয়া উপজেলার নলছিরা ঘাটে ১১ দলীয় জোটের কর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে মিছিলের প্রস্তুতিকালে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ গেইটে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে প্রতিবাদী মিছিলের উদ্দেশ্যে কলেজ গেইটে নেতাকর্মীরা জড়ো হলে বিএনপি নেতা অ্যাডভোকেট সুমন, যুবদল সভাপতি ইসমাইল ও সমীরের নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। হামলায় হাতিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হাই, পৌরসভা এনসিপির আহ্বায়ক অধ্যাপক মুহিব্বুর রহমান, জিহাদ, আব্দুর রহিম, মোস্তাফিজ এবং ছাত্রশিবির নেতা আব্দুল ওহাবসহ মোট ২০ জন আহত হন। আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতিয়া উপজেলা আমির মো. বোরহানুল ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া উপজেলা আহ্বায়ক মো. শামসুল তিব্রিজ এ হামলার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন। তারা বলেন, শান্তিপ্রিয় হাতিয়াকে অশান্ত করার জন্য পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয় এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Hatiyar Kotha